২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 08:32 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার বিকালে রাখালিয়াচালা পাকারমাথা এলাকায় হায়দার আলীর (২৭) লাশ পাওয়া যায়। হায়দার আলী লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার গেন্দিপুরী গ্রামের দুলু শেখের ছেলে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় হায়দার আলীকে (২৭) হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, হায়দার আলী দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়াচালায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জিন্নাহ বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি হায়দার।

শুক্রবার বিকাল ৩টার দিকে এলাকাবাসী রাখালিয়াচালা পাকারমাথায় একটি গজারী বনে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, দেখে মনে হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। গলায় মাফলারটি পেঁচানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে বেশকিছু চাকুর আঘাতের চিহ্ন রয়েছে।

রিকশা ছিনতাইয়ের জন্য দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিহতের বড়ভাই নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। তখন তিনি বলেন, কিছু সময়ের মধ্যেই বাড়িতে ফিরছেন।