ফৌজদারি বিচারে সিদ্ধান্ত এজলাসেই নেয়ার পরামর্শ
জামিন ও পুলিশি হেফাজতসহ ফৌজদারি বিচারের ক্ষেত্রে সিদ্ধান্ত এজলাস থেকেই দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টে বিচারকদের বার্ষিক সম্মেলনে তিনি এই পরামর্শ দেন।
প্রধান বিচারপতি বলেন, “বিচার প্রদানের ক্ষেত্রে কোনরূপ বিভ্রাট ঘটলে বিচারপ্রার্থী জনগণ বিচার বিভাগের সমালোচনা করতে পিছু হটে না। বিচার বিভাগকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে সবাইকে নিয়মনিষ্ঠ, সৎ, মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এবং পরিশীলিত আচরণের অধিকারী হতে হবে।”
বিচার বিভাগের সম্মানহানি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামিন, রিমান্ডসহ ফৌজদারি বিচার পরিচালনার ক্ষেত্রে দ্রুত ও এজলাসে অবস্থানকালেই সিদ্ধান্ত প্রদান করতে হয়।”
এরূপ সিদ্ধান্ত প্রদানে বিলম্ব হলে বিচারপ্রার্থী জনগণসহ সংশ্লিষ্টদের মনে নানা প্রশ্ন জন্ম দেয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
ফাইল ছবি
মোজাম্মেল হোসেন বলেন, “দায়িত্ব পালনে কোনো পক্ষপাতিত্ব করা সমীচীন হবে না। স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার প্রাপ্তি প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার মহান দায়িত্ব তোমাদের ওপর অর্পণ করা হয়েছে।”
তিনি বলেন, “বিচারে অহেতুক দীর্ঘসূত্রতা বিচারপ্রার্থী জনগণের মনে বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা জন্ম দেয়।”
“বিচার বিভাগ সম্পর্কে বিরূপ ধারণা তোমাদের জন্য কোনরূপ সুফল বয়ে আনবে না। এ কারণে এই বিপুল সংখ্যক মোকাদ্দমা নিষ্পত্তির জন্য তোমাদেরকে আরো সচেষ্ট এবং কাজের প্রতি যত্নবান হতে হবে।”
মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম, অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াইশ’ বিচারক অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
