সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
লালমনিরহাট শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়ার ২০ ঘণ্টা পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হওয়া তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিস্ফোরণে কেয়া বেগম (২৭) এবং তার স্বামী মুরাদ (৩২) দগ্ধ হন।
শুক্রবার দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কেয়ার মৃত্যু হয়।
কেয়া বেগমের চাচা শ্বশুর মোকসেদ আলী জানান, শহরের ফায়ার সার্ভিস রোডের বাসায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কেয়া ও মুরাদ দগ্ধ হন।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
