জাতীয় পতাকা জব্দ, ৩ দর্জির মুচলেকা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে দুটি দর্জির দোকান থেকে ৪৫টি জাতীয় পতাকা জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন রোড ও তালতলা এলাকায় এ অভিযানের পর তিন দর্জিকে আটক করা হয়। শুক্রবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
তিন দর্জি হলেন স্টেশন রোডের বাগচী বস্ত্র বিতানের ইয়াছিন মোল্লা (৫২), তার সহকারী সুমন রায় (২৫) এবং তালতলার অলোক শীল (৪২)।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জাতীয় পতাকা নিয়ে রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা অভিমুখে পদযাত্রার আহ্বানের মধ্যে পতাকা জব্দের এ ঘটনা ঘটল।
অলোক শীলের দোকান থেকে ২৫টি আর ইয়াছিনের দোকান থেকে ২০টি জাতীয় পতাকা জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালমারী থানর ওসি রুহুল আমীন জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ইয়াছিন দর্জি ও অলোক শীলের দোকানে অভিযান চালায়।
ওসি বলেন, ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিরোধী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে নাশকতা সৃষ্টির উদ্দেশে বিরোধী দলের নেতাকর্মীরা এই পতাকা বানানোর অর্ডার দিয়েছিল।
জব্দ করা পতাকাগুলো ছোট আকারের হলেও সঠিক মাপের ছিল না। এটি জাতীয় পতাকার অবমাননার সামিল।
তিনি আরো বলেন, আটক দর্জিরা গরীব বলে মানবিক কারণে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
দর্জি ইয়াছিন জানান, তিনি একশটি জাতীয় পতাকা তৈরি অর্ডার পান। সবকটি তৈরি করা যায়নি।
৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যায়িত করে তা প্রতিহতের জন্য রোববার ঢাকা অভিমুখে পদযাত্রা ও সমাবেশের এই কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। সবাইকে ছোট ছোট জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকায় আসতে বলা হয়।
পাঁচ দফা টানা অবরোধের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন।
