রাজধানীতে গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর আদাবর এলাকা থেকে সাইদুল হক (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাইদুলের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার হরিণপালায়।
আদাবর থানার এসআই মো. ফরমান আলী বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজিম টাওয়ার সংলগ্ন কাছে বালুর মাঠ থেকে সাইদুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মৃতদেহে গলায় ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।
নিহতের খালাতো ভাই সবুজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের বলেন, বুধবার রাত ৯টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে বের হন সাইদুল।
পরে খবর পেয়ে থানায় গিয়ে তারা লাশ সনাক্ত করেন।
নিহত সাইদুল বেশ কয়েক বছর কারাভোগের পর ২৮ দিন আগে মুক্তি পান।
সবুজ বলেন, জেল থেকে বের হওয়ার পর সাইদুল অটোরিকশা চালাতো। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
