অবরোধে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশাযাত্রীর মৃত্যু
বিরোধী জোটের অবরোধে ময়মনসিংহের গৌরীপুরে পিকেটারদের পেট্রোল বোমায় দগ্ধ এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে এক সপ্তাহ পর।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মো. শাহজাহান (৩২) নামের ওই যাত্রীর মৃত্যু হয়।
গত শনিবার সন্ধ্যায় তিনি দগ্ধ হয়েছিলেন।
গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম জানান, শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশায় গৌরীপুর যাচ্ছিলেন শাহজাহান।
পথে বীর আহমদপুর এলাকায় পিকেটাররা পেট্রোল বোমা ছুড়লে ওই অটোরিকশায় আগুন ধরে যায় এবং চালকসহ তিন যাত্রী আহত হন।
অটোরিকশার যাত্রী শাহজাহানকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
শাহজাহানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট পাঁচ দফা অবরোধ করেছে নির্বাচনী তফসিল ঘোষণার পর। সর্বশেষ চারদিনের টানা অবরোধ গত শনিবার শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার বিকালে।
