২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব বাধা ডিঙিয়ে মানুষ ভোট দেবে’

বিরোধীদলীয় নেতা নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্র’ করছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ডিঙিয়ে দেশের মানুষ ৫ জানুয়ারি ভোট দেবে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 01:57 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি হিসাবে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া শহীদ মিনার চত্বরে এক কর্মীসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

নির্বাচন প্রতিহতে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচি এবং রাজশাহীতে বোমা ছুড়ে পুলিশ হত্যার ঘটনার সমালোচনায় তিনি বলেন, “বিরোধীদলীয় নেত্রী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তার নির্দেশেই পুলিশের ওপর হামলা হচ্ছে। পুলিশ এখন আর বসে থাকবে না।”

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহতের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “জনগণ ভোট দিতে চায়। সব বাধা অতিক্রম করে জনগণ নির্বাচনে ভোট দেবে।”

কর্মীসভায় খালেদা জিয়াকে ‘অশান্তির নেত্রী’ হিসাবেও আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকুক বিএনপি নেত্রী তা চান না।

“পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব পাস করার পর উনি মর্মাহত হননি। কাদের মোল্লার ফাঁসিতে তিনি মর্মাহত হয়েছেন।”

বিএনপি চেয়ারপার্সনের ‘নির্দেশেই’ বিএনপি-জামায়াত কর্মীরা ‘মানুষ পুড়িয়ে মারছে’ বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ ‘জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রের কলঙ্ক’ থেকে মুক্ত হয়েছে।

“বাংলাদেশ এখন শান্তি ও উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।”

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধরের সভপতিত্বে এ কর্মীসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

কর্মীসভা শেষে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে লৌহজং কলেজ মাঠ ও শ্রীনগর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে তার।