অস্ত্র জমা দিতে হবে না, কেবল বহন নিষিদ্ধ
ভোটের আগে অস্ত্র জমা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসে কেবল ভোটকেন্দ্রের আশেপাশে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার।
আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী থানা অথবা বৈধ ডিলারের কাছে জমা দেয়ার যে আদেশ দেয়া হয়েছিল, বৃহস্পতিবার তার একটি সংশোধনী দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার যুগ্ন সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংশোধিত আদেশে বলা হয়,
“দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র জমা দেয়ার আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
“যেসব এলাকায় নির্বাচন হচ্ছে, সেসব এলাকায় ২৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্র ও তার আশেপাশের এলাকায় লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচল ও তা প্রদর্শন নিষিদ্ধ থাকবে।”
তবে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা মেজিস্ট্রেট যে কোনো লাইসেন্সধারীকে তার আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ দিতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।
“তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।”
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে ভোটের সময় বৈধ অস্ত্র জমা দেয়ার কোনো বাধ্যবাধকতার কথা বলা হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলার স্বার্থে প্রতিটি নির্বাচনের সময় অস্ত্র আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।
তবে গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে ভোটের সময় বৈধ অস্ত্র বহনেও নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
সাধারণত সব নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর পাশাপাশি বৈধ অস্ত্র থানায় জমা রাখা হলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে কেন জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাঈন উদ্দিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের নিয়ম মেনে নিজেদের নিরাপত্তার জন্যই তারা বৈধভাবে অস্ত্র সংগ্রহ করেছেন। উপযুক্ত সময়ে এ অস্ত্রের ব্যবহার করতে না পারলে তাদের মানবাধিকার ক্ষুন্ন হয়, এ বিষয়টি খেয়াল রেখেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।”
এই অতিরিক্ত সচিবের মতে, আগের নির্বাচনগুলোর সঙ্গে এবারের পরিস্থিতির পার্থক্য রয়েছে।
“অন্যবারের মতো এবারের অবস্থা এক রকম নয়। যেখানে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, সেখানে বৈধ অস্ত্র জমা নিলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, মানবাধিকারও ক্ষুন্ন হয়।”
