নোয়াখালীতে সাংবাদিক নেতার বাড়িতে আগুন
নোয়াখালীর চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন লেগে তিনটি ঘর মূল্যবান মালামাল পুড়ে গেছে।
বেগমগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, বুধবার গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার মধ্য একলাশপুর গ্রামে গোলাম মহিউদ্দিন নসুর বাড়িতে আগুন ধরে।
মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে বড় ভাই সাবেক সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদের ঘরে আগুন লাগে। এর পর আরেক ভাই আবুল কাশেম ও তার ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ।
