সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ বাংলাদেশি যুবক হাসপাতালে
যশোরের বেনাপোল সীমান্তে এক বাংলাদেশি যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
পুটখালি ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলি বলেন, বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধারের পর বকুল উদ্দিনকে (২৬) বুধবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকুল শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, “মঙ্গলবার রাত ৩টার দিকে বকুলসহ কয়েকজন গরু নিয়ে ফেরার পথে ভারতের চরের মাঠে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন বকুল।”
“ধরার পর ৭/৮ জন বিএসএফ সদস্য বুট দিয়ে এবং রাইফেলের বাট দিয়ে আঘাত করে মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায় তাকে।”
খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল ইসলাম বলেন, “বিভিন্ন মাধ্যমে এ খবর জেনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লিয়াকত আলী আরো বলেন, “পরে বকুলের সহযোগীরা তাকে উদ্ধার করে গোপনে চিকিৎসা দেয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।”
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে বকুলকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি এখন আশঙ্কামুক্ত।
