রূপগঞ্জে হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইকবাল রাজ (৩১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যে হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন-কুড়িল সড়কের দড়িগুতয়াবো এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ইকবালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন, জমিদখলসহ বিভিন্ন অভিযোগে ২৫টির মতো মামলা রয়েছে।
নিহতের বড় ভাই সালাম রাজ জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই ইকবাল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে লোকজনের কাছে খবর পেয়ে তারা মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।
ওসি জানান, ইকবালের বুকের বামপাশে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে একটি রিভলবারের গুলির খোসাও পাওয়া গেছে।
“পূর্ব শূত্রুতা অথবা প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। সৎভাইদের সঙ্গেও ইকবালের জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
