জমকালো অনুষ্ঠানে গ্র্যান্ড ‘সুলতানে’র যাত্রা শুরু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ দেশি বিনিয়োগে নির্মিত পাঁচ তারকা অবকাশ কেন্দ্র ‘হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ’ ।
বুধবার সন্ধ্যায় রিসোর্টের বলরুমে অবকাশ কেন্দ্রের চেয়ারম্যান খাজা টিপু সুলতান এর উদ্বোধন করেন।
১৩ দশমিক ৬ একর জায়গা নিয়ে তৈরি অবকাশ কেন্দ্র গ্র্যান্ড সুলতান দেশি বিনিয়োগে বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের অবকাশ কেন্দ্র বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান টিপু সুলতান বলেন, “মৌলভীবাজারে এ ধরণের একটি অবকাশ কেন্দ্রের চাহিদা ছিল দীর্ঘদিনের। আজ সে চাহিদা পূরণ হওয়ায় আমরা তৃপ্ত।”
তিনি জানান, রিসোর্টটি রাষ্ট্রপতির উদ্বোধন করার কথা থাকলেও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যেতে পারেন নি।
এতে একটি নাইন হোল গলফ কোর্স ছাড়াও এখানে রয়েছে লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা। রিসোর্টটিতে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ তাপমাত্রা নিয়ন্ত্রিত তিনটি সুইমিংপুল আছে।
গ্র্যান্ড সুলতানে রয়েছে চুয়াল্লিশ আসন বিশিষ্ট থ্রি-ডি থিয়েটার এবং সুবিশাল পাঠাগার।
এছাড়া নানা অনুষ্ঠান ও ইভেন্ট আয়োজনের জন্য রিসোর্টে দুইটি ব্যাংকোয়েট হল রয়েছে। যার একটি ‘রোশনি মহল’ এক হাজার দুইশ’ জন এবং অপরটি ‘নওমি মঞ্জিল’ ৭৫০ জনের সংকুলনা করতে পারে।
এতে রয়েছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট পাঁচ তারকা মানের রেস্টুরেন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গলফ পাহাড়িকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে তিনটি দুর্দান্ত ক্যাফে।
কর্পোরেট অতিথিদের জন্য রিসোর্টে তিনটি মিটিং কক্ষ, জিমনেসিয়ামসহ রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও ম্যাসেজ পার্লারের ব্যবস্থা।
গ্র্যান্ড সুলতানের উদ্বোধনী আয়োজন চলবে দুইদিনব্যাপী ।
উদ্বোধনের পরপরই সঙ্গীত পরিবেশন করে সোলস ব্যান্ডের শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবে হায়দার হোসেন অ্যান্ড ব্রাদার্স ব্যান্ড।
উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সকারশন অ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লি. এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আরমান খান।
