‘বিদ্রোহীদের’ প্রতিদ্বন্দ্বিতার মুখে আ.লীগ
বিরোধী দলের বর্জনের মধ্যে বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও ভোটের দশ দিন আগে ঢাকার আসনগুলো সরগরম হয়ে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ও ‘বিদ্রোহী’ প্রার্থীদের প্রচারণায়।
ঢাকা-৭ আসনেও দেখা গেল এ চিত্র। আসনটিতে তিনজন প্রার্থী থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক দুই সাংসদের পাল্টাপাল্টি প্রচার-প্রচারণা ঘিরেই যতো উত্তাপ।
মঙ্গলবার এই আসনের অধীন পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারে ভরে গেছে রাস্তা আর অলিগলি। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। সভা-সমাবেশে হ্যান্ডমাইক হাতে বক্তব্য রাখতেও দেখা গেছে তাদের।
ঢাকা-৭ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন।
আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রিয়াজ উদ্দিনের প্রতীক আনারস।
তবে ভোটারদের ধারণা মূল লড়াইটা হবে মোস্তফা জালাল মহিউদ্দিন ও হাজি সেলিমের মধ্যে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারাও কার্যত দুই ভাগ হয়েই এই দুই জনের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন।
মোস্তফা জালালের পক্ষে প্রচারে থাকা আওয়ামী লীগের হাজারীবাগ থানার সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েয়ন্টিফোর ডটকমকে বলেন, “নৌকা ও হাতির মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
হাজি সেলিমের জনপ্রিয়তা আর এলাকার উন্নয়নে কম কাজ করায় মোস্তাফা জালাল মহিউদ্দিনের জনপ্রিয়তায় ভাটা পড়াকেই এর কারণ হিসেবে দেখছেন তিনি।
তবে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে নৌকারই জিত হবে বলে আশা তার।
অন্যদিকে চকবাজার থানা সেচ্ছাবেক লীগের যুগ্ম সম্পাদক এস এম হামিদ বলেন, “বর্তমান এমপি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না। তাই অনেকেই তাকে পছন্দ করে না। এদিক দিয়ে সেলিম ভাই ব্যতিক্রম। আমরা তার পক্ষে প্রচার চালাচ্ছি।”
জয়ের ব্যাপারে আশাবাদী মোস্তফা জালাল মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার জনগণ আবারো নৌকাকেই বেছে নিবে। কারণ নৌকাই তাদের একমাত্র শান্তির জায়গা।”
তার মেয়াদে এলাকার মানুষ শান্তিতে আছে এবং এ কারণে আবারো তাকেই নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মূল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাওয়া হাজি সেলিমের বিরুদ্ধে অভিযোগে এনে তিনি বলেন, “নৌকার পক্ষে প্রচার না চালাতে তিনি নেতাকর্মীদের ভয় ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে।”
তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করে হাজি মো সেলিম বলেন, “প্রশ্নই উঠে না। আমি হুমকি দেবো কেন? আমাকে তো এলাকার জনগণই নির্বাচনে দাঁড় করিয়েছে।”
প্রতিদ্বন্দ্বী মোস্তফা জালাল মহিউদ্দীন সম্পর্কে তিনি বলেন, “নিজের কানেই শুনেছেন কর্মীরা কীভাবে তার (মোস্তফা জালাল) বিরুদ্ধে অভিযোগ করছিল। তাই আমি পুরোপুরি আশাবাদী, এ নির্বাচনে আমিই জয় পাবো।”
অপর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রিয়াজ উদ্দিনের কিছু পোস্টার ছাড়া কোনো প্রচার-প্রচারণা নেই বললেই চলে।
এদিকে নির্বাচনের মাঠে বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতা একটি দলের দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ায় ৫ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন ভোটাররা।
আজিমপুর কলোনির মুদি দোকানদার মহসিন বলেন, “ভোটতো হয়ে গেছে। এখন নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করে লাভ কী।”
“আমগো ভোটের দরকার কী? যে জিতবো সেতো এমনিতেই জিতবো। তাই ভোট দিতে যাইতাম না,” বলেন মহসিন।
এ নির্বাচনকে ‘পাতানো’ বলে আখ্যা দিয়েছেন ইসলামী ঐক্যজোটের যুগ্মমহাসচিব লালবাগ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি তৈয়ব হোসাইন।
তিনি বলেন, “পাতানো নির্বাচনে দেশে শান্তি আসবে না। তাই সমাঝোতার নির্বাচন দরকার। একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে একচ্ছত্র ক্ষমতায় আসতে নির্বাচন হলে তাতে জনমনে শান্তি আসবে না।”
