২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরগ নিয়ে ঝগড়ায় বৃদ্ধ খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোরগ নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন তার দুই ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের দক্ষিণ পাড়ার এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধের নাম কনু মিয়া (৮৫)। আহতরা হলেন তার দুই ছেলে হোসেন মিয়া এবং ইমাম মিয়া।

আখাউড়া থানার ওসি অং সা থোয়াই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার নিহত বৃদ্ধের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিবেশী মন্টু মিয়া তার মোরগ চুরির অভিযোগ করেন।

কিন্তু সকালে মোরগটিকে পাওয়া গেলে কনু মিয়ার পরিবারের লোকজন বিষয়টি নিয়ে মন্টু মিয়ার পরিবারের সঙ্গে তর্ক জড়ান।

এক পর্যায়ে মন্টু মিয়ার ছেলে লোকমানসহ তার পরিবারের লোকজন তাদের উপর হামলা চালায়।

হামলায় কাঠের লাঠির আঘাতে ঘটনাস্থলেই কনু মিয়া নিহত হন বলে জানান ওসি অং সা থোয়াই।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান  তিনি।