‘ঘুষ চাওয়ায়’ দেওয়ানগঞ্জের ওসির অপসারণ দাবি
ঘুষ চাওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ওসি ও একজন এসআইয়ের অপসারণ দাবিতে বিক্ষোভ করায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের।
বুধবার সন্ধ্যায় বেলতলী বাজারে এ সংঘর্ষের সময় পুলিশ এলাকাবাসীর উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট এবং এলাকাবাসীর ইটপাটকেলে তুপক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি দেওয়ানগঞ্জের বেলতলী এলাকার ধলা মিয়া নামের এক ব্যক্তির বাসায় যাওয়ার রাস্তা নিয়ে আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহেন শাহর বিরোধে থানায় মামলা হয়।
ওই মামলার বাদী ধলা মিয়া ও বিবাদী শাহেন শাহ বুধবার বিকালে থানায় আপোষনামা দিলে ওসি মিজানুর রহমান ও এসআই মমতাজ উদ্দিন ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এর প্রতিবাদে সন্ধ্যায় বেলতলী বাজারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
দেওয়ানগঞ্জ জিলবাংলা আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহেন শাহর অভিযোগ, ওসি ও এসআই তাদের মামলার আপোষনামা গ্রহণ করতে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেছেন। এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিলে পুলিশ বিনাকারণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ৭ জন এলাকাবাসী আহত হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘুষ দাবির বিষয় অস্বীকার করে জানান, এলাকাবাসী রাস্তায় অবরোধ সৃষ্টি করে ও আগুন ধরিয়ে দিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়।
এসময় ইটপাটকেলের আঘাতে পুলিশের তিন কনস্টেবল সামান্য আহত হয়েছেন।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
