২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে কয়েকহাজার গাড়ি আটকে আছে

টানা অবরোধের কারণে বেনাপোল বন্দরে আটকে পড়েছে আমদানি করা পাঁচ হাজার গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 08:20 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

বন্দর থেকে গাড়িগুলো বের করা হলে সরকারের রাজস্ব আয় হতো প্রায় এক হাজার কোটি টাকা।

এদিকে, গাড়ি নিতে না পারায় ব্যাংকের সুদ ও বন্দরের ভাড়া মেটাতে হচ্ছে বলে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আনোয়ার মল্লিক বলেন, বিপুলসংখ্যক গাড়ি ছাড় না হওয়ায় বন্দরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। রাজস্ব ক্ষতির পাশাপাশি বন্দরে পণ্যজট তৈরি হচ্ছে।

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার সৈয়দ অতিকুর রহমান জানান, অবরোধের কারণে আমদানিকারকরা গাড়ি ছাড় করিয়ে নিতে পারছেন না। ফলে হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বেনাপোল শুল্কভবন সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর‌্যন্ত চার মাসে আমদানি হয়েছে ৪ হাজার ৬২৯টি গাড়ি।

নভেম্বর ও ডিসেম্বরে আরো প্রায় এক হাজার গাড়ি ও চ্যাসিস বন্দরে এসেছে।

আমদানি করা এসব গাড়ির বেশির ভাগই এখনো খালাস হয়নি। সব মিলিয়ে বন্দরে ৫ হাজার গাড়ি খালাসের অপেক্ষায় রয়েছে। এসব গাড়ির মধ্যে রয়েছে ২০ লাখ টাকা থেকে শুরু করে ৮০ লাখ টাকা মূল্যের ট্রাক, মিনি ট্রাক, বাস, পিক আপ, ডাবল ডেকার এবং জিপসহ অন্যান্য গাড়ি।

আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘ইফাদ অটো’র প্রতিনিধি এজাজ আহম্মেদ বলেছেন, খালাস নিতে না পারায় কোটি কোটি টাকার ব্যাংক সুদ গুণতে হচ্ছে। এছাড়াও বন্দর শেড ব্যবহারের জন্য বাড়তি চার্জসহ দিতে হচ্ছে।