২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

সাভারে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ডাকাতি ও লুটপাটের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 07:45 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

মঙ্গলবার বিকালে আমিনবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে আটকরা হলেন- খায়রুল ইসলাম (৩৬), আবুল হোসেন গাজী (৪৮), হাকিম চৌধুরী (৪২) ও নাসির উদ্দিন(৪৫)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একজোড়া হাতকড়া, একটি ধারালো চাকু ও ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টিকার লাগানো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে একটি চক্র বিভিন্ন জনের বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে আসছিল।

গত এক মাসে সাভারে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এরপর থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নামে।

তিনি বলেন, বিকাল ৩টার দিকে গোপন খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির পাশে অভিযান চালানো হয়।

আটকরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে পাঁচটি বিভিন্ন বাড়ি থেকে লুট করে নেয়া বলেও নিশ্চিত করেন তিনি।