২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের দরজায় হাতবোমার বিস্ফোরণ

ঢাকার জেলা প্রশাসন ভবনের নিচতলায় এক নির্বাহী হাকিমের আদালত কক্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আদালতের এক কর্মচারী আহত হয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বিরোধী দলের অবরোধের মধ্যে মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে ভবনের নিচতলার ১০৮ নম্বর কক্ষে বোমাগুলো নিক্ষেপ করা হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে।

বিস্ফোরণের সময় হাকিম এজলাসে না থাকলেও আদালতের কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষানবিশ আইনজীবী আক্তার উল ইসলাম জানান, বিস্ফোরণে আদালত কক্ষের দরজা পুড়ে যাওয়ার পাশাপাশি জানালার কাচ ভেঙে গেছে। এ সময় সেখানে উপস্থিতদের দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।

বিস্ফোরণে আহত আদালত কর্মচারী আবুল কাসেমকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।