গাবতলী থেকেও বাস ছাড়ার ঘোষণা শাজাহান খানের
বিরোধী জোটের অবরোধের মধ্যেই মঙ্গলবার গাবতলী থেকে দূরপাল্লার গাড়ি ছাড়বে বলে ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
এর আগে গত শুক্রবার থেকে সারা দেশে দূরপাল্লার গাড়ি চলাচলের ঘোষণা দিয়েছিলেন এই পরিবহন শ্রমিক নেতা। কিন্তু কার্যত সে আবেদনে সাড়া মেলেনি।
সোমবার সচিবালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’-নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পুনরায় এই ঘোষণা দেন।
গাবতলীর বিভিন্ন পরিবহন মালিকদের অভিযোগ, অবরোধের মধ্যে খোদ নৌ-মন্ত্রীর মালিকানাধীন ‘সার্বিক’ পরিবহনের গাড়িই চলছে না। তাই তারাও দূরপাল্লার গাড়ি বন্ধ রেখেছেন।
জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাবতলীর পরিবহন মালিকদের সঙ্গে সোমবার বৈঠক রয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, “কাল (মঙ্গলবার) থেকে গাবতলী টার্মিনাল থেকেও দূরপাল্লার গাড়ি ছাড়বে।”
“আমরা বলেছিলাম পরিবহনের নিরাপত্তা দেব। যেসব জায়গায় আমরা এই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি সেখান থেকে গাড়ি চলছে। অধিকাংশ জায়গায়ই গাড়ি চলছে।”
সংবাদ সম্মেলনে নৌ-মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ থেকে পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার গণজাগরণ মঞ্চের দাবিকেও নৈতিকভাবে সমর্থন দেন নৌমন্ত্রী।
শাজাহান খান বলেন, “কাদের মোল্লার মৃত্যুতে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব পাস এবং দেশে বিরোধী দলের নাশকতার বিরুদ্ধে জনমত তৈরিতে মঞ্চের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে।”
এছাড়া, ৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বিভাগীয় এবং জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা-জনতার মতবিনিময় সভা, ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা ও উপজেলায় মঞ্চের কমিটি গঠন করা হবে বলে জানান নৌমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিরোধী দলের অবরোধের মধ্যে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা এবং নাশকতার ঘটনাগুলো তুলে ধরেন শাজাহান খান।
গত ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ আত্মপ্রকাশ করে।
গত ১৯ ডিসেম্বর কমলাপুর রেলস্টেশনে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ এবং রেলপদযাত্রা করে এই মঞ্চ।
