গুঁড়ো দুধের প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গুঁড়ো দুধ তৈরির প্রতিষ্ঠানকে ২২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের শর্ত ভেঙে নতুন ভবন নির্মাণ ও নতুন ইউনিট স্থাপনের দায়ে সোমবার নিউজিল্যান্ড মিল্ক প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো শিল্প কারখানার স্থাপনা সম্প্রসারণ, উৎপাদন বাড়াতে ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
কিন্তু প্রতিষ্ঠানটি পূর্বানুমতি না নিয়েই সেখানে আট তলা বিশিষ্ট ১৬ হাজার বর্গফুটের একটি নতুন স্থাপনা নির্মাণ করে। এতে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত ও পরিবেশের ক্ষতি হচ্ছে।
