২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের সমাবেশ স্থগিত

সরকারের অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত মতিঝিলের সমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলামী, আট মাস আগে একই স্থানে যাদের তাণ্ডব সারাবিশ্বে খবরের শিরোনাম হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

Image
৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডব

৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডব

সোমবার রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নূর হুছাইন কাসেমী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা সমাবেশের সব প্রস্তুতি নিয়েছিলাম। অনুমতির জন্য গত ৩০ নভেম্বর আবেদনও করেছিলাম। কিন্তু সরকার বলেছে, তারা কোনোভাবেই অনুমতি দেবে না।

“আমরা অশান্তি চাই না। সরকারের বাধার কারণে আপাতত কালকের (মঙ্গলবার) সমাবেশ হচ্ছে না।”

গত ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে এই সমাবেশের ঘোষণা দিয়েছিল চট্টগ্রামভিত্তিক সংগঠনটি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে হেফাজত এই সমাবেশ ডেকে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রোববার বলেন, তাদের সমাবেশ করতে দেয়া হবে না।

হেফাজতের সঙ্গে বিএনপি ও জামায়াতের যোগসাজশের অভিযোগও তুলে ধরেন তিনি।

কাসেমী বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা আহমদ শফী ও সদস্য সচিব জুনায়েদ বাবুনগরী সোমবার সকালে চট্রগ্রাম থেকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু আইন শৃংখলাবাহিনী তাদের ‘আটকে’ দিয়েছে।

“এ অবস্থায় শফী সাহেব আমাদের বলেছেন, এখন এ সমাবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর কমিটি। আমরা নিজেদের মধ্যে কথা বলে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে জনমনে অশান্তি বিরাজ করছে। এ অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করা প্রয়োজন। আমাদের বিশ্বাস, আমরা সমাবেশের পরে দোয়া করলে দেশে আর অশান্তি থাকত না।”

সরকারের কর্মকাণ্ডের কারণে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ‘অনেক ক্ষোভ’ রয়েছে মন্তব্য করে এই হেফজত নেতা বলেন, সমাবেশ করতে দিলে সেই ক্ষোভও অনেকটা কমে যেত।

“কিন্তু সরকার আমাদের অনুমতি না দিয়ে সে ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে।” 

সমাবেশ করার অনুমতি না দেয়ায় সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এর বিচার দেশের জনগণের আদালতে ছেড়ে দিলাম। আমাদের ধর্ম পালনের অধিকারে বাঁধা দেয়া হয়েছে। এর বিচার জনগণ করবে।”

হেফাজতের ‘আটক নেতাকর্মীদের’ মুক্তি দেয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে কাসেমী বলেন, “আজ কোনো প্রশ্ন নেয়া হবে না।”

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার যুগ্ন আহবায়ক আব্দুর রব সুফী, আবুল কালাম, আব্দুল খালেদ, আব্দুল হাসনাত আমেনী, জাফর উল্লাহ খানসহ মহানগরীর ১১টি জোনের নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলন শুরু হলে ‘নাস্তিক ব্লগারদের’ শাস্তি দাবিতে মাঠে নামে হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ শাহ আহমদ শফী নেতৃত্বাধীন হেফাজত।

গত ৫ মে তারা মতিঝিলে সমাবেশ ডেকে ঢাকার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়, যাতে সংঘাতে নিহত হন বেশ কয়েকজন।

হেফাজতকর্মীরা শাপলা চত্বরে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে সাঁড়াশি অভিযানে তাদের তুলে দেয়া হয়।

পুরনো খবর:

হেফাজত অনড়, সরকারও কঠোর