নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে চট্টগ্রামে সভা
চট্টগ্রামে নির্বিঘ্ন পরিবেশে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক হয়েছে।
রোববার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সানিয়ে নির্বাচন পূর্ব সমন্বিত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হবে।
চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে সাত আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সংসদ সদস্য হওয়ায় এখন বাকি নয়টি আসনে নির্বাচন হবে। এর মধ্যে চারটি সংসদীয় আসন কিছুটা ঝুঁকিপূর্ণ বলে সভায় জানানো হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী বলেন, “নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আগেই আইনশৃঙ্খলা বহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাবে।”
এছাড়া অবরোধে জেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে গাছ কাটার সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, “নির্বাচনী আমেজ তৈরি করতে ভোট কেন্দ্রের পাশাপাশি ভোটারদের নিরাপত্তার বিষয়ে জোর দেয়া হচ্ছে।”
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার জানান, চট্টগ্রাম-২ (সীতাকুণ্ড), চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া- লোহাগাড়া), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ও চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মনে করা হচ্ছে।
সভায় উপস্থিত সেনা, নৌ, র্যাব, আনসার ও কোস্টগার্ডের প্রতিনিধিরা তাদের স্ব-স্ব বাহিনীর প্রস্তুতির ব্যাপারে অবহিত করেন।
