নিরাপত্তারক্ষীকে খুন করে বিএটি অফিসে ডাকাতি
নিরাপত্তাকর্মীকে খুন করে জয়পুরহাটে ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির অফিস থেকে ৬৫ লাখ টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা।
সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, শনিবার গভীর রাতে কোনো এক সময় জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার একটি ফ্ল্যাটবাড়ির তৃতীয় তলায় এ ডাকাতির ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তারক্ষী আবুল কালাম আজাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামে।
ব্রিটিশ-আমেরিকান টোবাকোর জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন জানান, রোববার সকালে অফিসে এসে তিনি দরজা খোলা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীর লাশ ও ভাঙা সিন্দুক দেখে পুলিশে খবর দেন।
ওসি আব্দুর রশিদ সরকার বলেন, এ ঘটনায় ওই অফিসের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
