জোহরা তাজউদ্দিনের দাফন রোববার
ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনকে রোববার সন্ধ্যায় বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
এর আগে দুপুরে জোহরার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় তার তৃতীয় জানাজা হবে বলে শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোহরা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী।
ফাইল ছবি
শুক্রবার গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা এবং বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে জোহরার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, জোহরার ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দেশে ফেরার পর রোববার তার দাফন হবে।
