চট্টগ্রামে গাড়িতে আগুন, হাতবোমা বিস্ফোরণ
বিরোধী দলের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি স্থানে গাড়িতে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর আকবর শাহ এলাকায় একটি চলন্ত ট্রাকে হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটিতে আগুন ধরার পরপরই তাৎক্ষণিকভাবে নেভানো সম্ভব হয়েছে। এতে কেউ আহত হয়নি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদীঘি পাড় এলাকায় সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালদীঘি পাড় অগ্রণী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে রাত ৭টা ৪০ মিনিটে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকালে নগরীতে অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করে বিরোধী দলের নেতাকর্মীরা। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে দুপুরে নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে শিবির কর্মীরা।
এরপর সন্ধ্যায় নগরীর হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকা থেকে চারটি পেট্রোল বোমা ও পাঁচটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
