অবরোধেও ব্যস্ত ঢাকা-মাওয়া মহাসড়ক
বিরোধী জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথমদিন শনিবার ঢাকা-মাওয়া মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিকাল পর্যন্ত মাওয়া ফেরিঘাট দিয়ে প্রায় সাতশ যানবাহন পারাপার করেছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বিকালে বিআইডব্লিউটিসি মাওয়া জোন ম্যানেজার সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪টি ফেরি অনবরত যানবাহন পারাপার করছে।”
একই সময়ে উভয় পাড়ে প্রায় চারশ গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল বলে জানান তিনি।
মহাসড়কে পুলিশী টহল এবং বিআরটিসিসহ সব ধরনের যানবাহনকে নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “মহাসড়কে যে যানই এসেছে সেগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হয়েছে। তাই অবরোধের অন্য দিনগুলোর থেকে আজ মহাসড়ক ছিল বেশি সচল।”
ফাইল ছবি
ঢাকা-মাওয়া মহাসড়কে বাস এবং মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোটের যাত্রীদের চলাচলও
ছিল চোখে পড়ার মতো।
পুলিশ সুপার আরো বলেন, সকাল থেকেই এ রুটে চলাচল করেছে প্রায় সব ধরনের পরিবহন। বিআরটিসি, গ্রেট বিক্রমপুর, ভিআইপি, ইলিশ, প্রচেষ্টা, গাংচিলসহ বেশকিছু লোকাল পরিবহন সারাদিন চলাচল করেছে।
এ সময় মাওয়া ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট ও ফেরিগুলো বিরামহীনভাবে পদ্মা পাড়ি দিয়েছে বলে জানান তিনি।
