২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে শেষ হলো সাম্প্রদায়িকতাবিরোধী গণসম্মেলন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 12:24 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শুক্রবার বিকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই গণসম্মেলনে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, “যে দেশে সাম্প্রদায়িকতা আছে সে দেশের সংখ্যালঘুদের মর্ম যাতনা সংখ্যাগরিষ্ঠরা বুঝতে পারবে না।”

যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের বিচার করা যায়নি মন্তব্য করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর সময়ে প্রণয়ন করা দালাল আইন জিয়াউর রহমান বাতিল করে দিয়েছে। দ্বি-জাতি তত্ত্বের ধারাকেই মূলধারা হিসেবে সামনে নিয়ে এসেছে।”

কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের আচরণের বিরুদ্ধে বিএনপি কোনো প্রতিবাদ করেনি উল্লেখ করেন মামুন।

তার ভাষায়, বিএনপি হলো পাকিস্তানের ‘সেকেন্ড ফ্রন্ট লাইন’।

সাংবাদিক আবেদ খান বলেন, “যুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। অনেক মুক্তিযোদ্ধা রাজাকারের সাথে আঁতাত করেছে। মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যেতে পারে। কিন্তু একজন রাজাকার কখনও মুক্তিযোদ্ধা হতে পারে না।”

তিনি বলেন, সাতক্ষীরাকে জামায়াত তাদের ‘অভয়ারণ্যে’ পরিণত করেছে। সংখ্যালঘুদের হুমকি দেয়া হচ্ছে। সাতক্ষীরা, পাবনা, রাজশাহী ও চট্টগ্রামে ত্রাস হচ্ছে।

“এ অবস্থায় আমরা নির্বাচন নিয়ে কথা বলব তা হতে পারে না। এখন লড়াইয়ের সময়।”

সংবিধানকে ‘মানুষের উপযোগী করে তৈরির’ শক্তি যোগানোর আহ্বান জানিয়ে আবেদ খান বলেন, “আমরা যদি নিজেদের গড়ে তুলতে না পারি- তাহলে আমরা বাঁচতে পারব না। প্রতিবাদ না করলে তারা আমাদের ভয় দেখায়।”

ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, “স্বাধীনতার পক্ষের শক্তির মতানৈক্যের কারণে স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে গণসম্মেলনের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, একেএম নাসিমুল হাসান, রনজিৎ রক্ষিত, নবিউদৌল্লাহ, রিয়াজ হায়দার, সীমান্ত তালুকদার প্রমুখ বক্তব্য দেন।