২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন অভিনেতা খালেদ খান

দীর্ঘদিন মোটর নিউরন ও হৃদরোগে ভুগে চলে গেলেন নব্বইয়ের দশকের মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা খালেদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 09:14 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

তার ভাগ্নি রুনা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েক দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন খালেদ খান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বারডেমের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক জানান, শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে এই অভিনেতার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

প্রয়াত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

খালেদ খানের মৃত্যুর খবর শুনে ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, আফরোজা বানুসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা রাতেই বারডেমে ছুটে যান।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়।

হাসান আরিফ জানান, খালেদ খানের মরদেহ রাতে বারডেমের হিমঘরে রেখে শনিবার সকালে প্রথমে ধানমণ্ডি-৪ এ তার বাসায় নেয়া হবে। সেখান থেকে তার সর্বশেষ কর্মক্ষেত্র ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ক্যাম্পাসে নেয়া হবে।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে এই অভিনেতার মরদেহ।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে খালেদ খানের প্রথম জানাজা হবে। তার মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে নেয়ার পর সেখানেই তাকে দাফন করা হবে।

গত সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে খালেদ খানকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে জানানো হয়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন খালেদ খান।

১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া এই শিল্পী অভিনয় শুরু করেন আশির দশকে, মঞ্চনাটকের মাধ্যমে।

হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক 'এইসব দিনরাত্রি' ও ইমদাদুল হক মিলনের 'রূপনগর' নাটকে অভিনয় করে সে সময় দারুন জনপ্রিয়তা পান তিনি। রূপনগর নাটকে ‘ছি, ছি, তুমি এতো খারাপ’ সংলাপটি সেই সময় দর্শকদের মুখে মুখে ফিরত।

নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে দেওয়ান গাজীর কিসসা, নূরুল দীনের সারাজীবন, দর্পনসহ ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন পুতুল খেলা, ক্ষুধিত পাষাণসহ ১০টির বেশি নাটক।

অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের 'রক্ত করবী' নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। সুবচন নাট্য সংসদের 'রূপবতী' নাটকেরও নিদের্শনা দেন।

সর্বশেষ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের নিবন্ধক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক তার স্ত্রী। কণ্ঠশিল্পী ফারহিন খান জয়িতা তাদের সন্তান।

পুরনো খবর:

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদ খান