২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালা নিয়ে তোলপাড়

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের একটি ইউনিটে রাতে তালা বদলের ঘটনায় প্রশাসনে উদ্বেগ দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

ঘটনা তদন্তে একটি কমিটি করার পাশাপাশি থানায় জিডি করারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  হারুন-অর-রশিদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া নিরাপত্তা বাড়াতে ক্যাপাসে আরো নিরাপত্তাকর্মী নিয়োগ এবং উর্ধ্বতন কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও আইসিটি ইউনিটে তালা আটকে সিলগালা  করা হয়। কিন্তু পরদিন দেখা যায়, ওই তালা বদলে অন্য (নতুন) তালা আটকে রাখা হয়েছে।

ওই ইউনিটের পরিচালক মো. মুমিনুল ইসলাম তালা বদলের ঘটনার কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে চাননি তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ওই ইউনিটের মধ্যে কম্পিউটারে অনার্স পার্ট-২ এর ফলাফল তৈরির কাজ চলছিল। এ ফলাফল বদলিয়ে ফেল করা শিক্ষার্থীদের পাশ করিয়ে দিতে ওই ইউনিটের কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা কর্মচারী কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মোল্লাহ মাহফুজ  জানান,  এ ব্যাপারে জয়দেবপুর থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সামনের ক্লোজ সার্কিট ক্যামেরা কৌশলে অন্যদিকে ঘুরিয়ে একই উপায়ে  কম্পিউটারে তৈরি করা অনার্স পাট-২ এর ফলাফল প্রকাশের আগে নম্বরপত্র থেকে নম্বর মুছে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। এরপর প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল কিছু সময়ের জন্য স্থগিত হয়ে পড়ে।

নিবন্ধক মো. মোল্লাহ মাহফুজ  জানান,  তালা বদলের ঘটনা তদন্তে উপ-উপাচার্য  অধ্যাপক মোনাজ আহমেদ নূরকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই রাতে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা আনসার কমান্ডার বরাবর চিঠি দেয়া হয়েছে।