২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কুয়াশা থাকছে আরো ৩ দিন

রাজধানীতে আরো তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। চলতি মাসের শেষদিকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 07:09 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পূর্বাভাস কর্মকর্তা সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী অন্তত তিন দিন ঢাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। মাসের শেষ দিকে রাজধানীতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।”

গত বুধবার থেকে রাজধানী ও এর আশপাশের এলাকায় হালকা কুয়াশা রয়েছে। তবে ভোরে  ঘন কুয়াশার কারণে মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী জানান, পদ্মায় ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৪টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা রুমানা জাহান বলেন, শুক্রবার বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও সৈয়দপুরে। এ দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।