২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুলা ও সুতার কারখানায় আগুন

গাজীপুর সদরে রিসাইক্লিং প্রক্রিয়ায় তুলা ও সুতা তৈরির একটি কারখানায় আগুন লেগে যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার দুপুরে মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের এ রিসাইক্লিং প্লান্টে আগুন লাগে।

গাজীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপককর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নেভান।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে গিভেন্সি গ্রুপের মাসুমা টেক্সটাইলের পাশে রিসাইক্লিং প্ল্যান্টের টিনশেড ভবনে আগুন লাগার পর দ্রুত তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

দুপুর আড়াইটার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণ করতে এবং সাড়ে ৩টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন অগ্নিনির্বাপনকর্মীরা। এরপর শুরু হয় ড্যাম্পিংয়ের কাজ।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

ঘটনার সময় কারখানার শ্রমিকরা দুপুরের খাবারের জন্য বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, বলেন শাহীন মিয়া।

পোশাক কারখানার ঝুট ও বাদপড়া কাপড় থেকে রিসাইক্লিং প্রক্রিয়ায় এ কারখানায় তুলা ও সুতা তৈরি হয়।