সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে : রাষ্ট্রপতি
সশস্ত্র বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের উচ্চমান বজায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের এনডিসি অডিটরিয়ামে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)- ২০১৩ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০১৩ এর গ্রাজুয়েশন সেরিমনিতে’ তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সার্বিক জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশ ও বিদেশে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করছে। এর পাশাপাশি বিদেশেও অনেক বেশী সুনাম অর্জনে সমর্থ হয়েছে। আমি আশা করি আগামীতে বেসামরিক জনগণ ও সশস্ত্রবাহিনীর মধ্যকার এই অংশীদারিত্ব ক্রমেই আরো শক্তিশালী হয়ে উঠবে।”
নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সরকার সফল হয়েছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, “আমাদের সরকার অনেক নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সফল হয়েছে, যা দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করছিলো।”
তিনি আরো বলেন, “আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে প্রযুক্তির কার্যকরী ব্যবহারকে উৎসাহিত করতে সফল হয়েছি।”
আবদুল হামিদ বলেন, “গত পাঁচ বছরে সরকারের সঠিক দিক নির্দেশনার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রচুর উন্নতি সাধিত হয়েছে এবং এই অঞ্চল পূর্বের চেয়ে এখন অনেক বেশি স্থিতিশীল।”
তিনি বলেন, “বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের দুটি বৃহত্তম বর্ধনশীল দেশ ভারত ও চীনের মাঝামাঝি অবস্থিত। বাংলাদেশের এই কৌশলগত অবস্থান আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল ভূমিকায় প্রতিষ্ঠিত করেছে এবং সে জন্যেই বাংলাদেশ আঞ্চলিক উন্নয়নে প্রধান ভূমিকা পালন করতে পারেছে।”
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এনডিসি-২০১৩ ও এএফডব্লিউসি-২০১৩ কোর্স শেষ করা কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী পরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
