সাতক্ষীরায় জামায়াতের হামলায় পুলিশ কর্মকর্তা আহত
যৌথ অভিযানের সময় ঢিল ছুড়ে ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলার রইসপুর এলাকায় সাতক্ষীরা-খানপুর সড়কে এ সংঘর্ষে জামায়াতকর্মী আমিরুল ইসলাম লাবলু (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার।
এসব ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি এনামুল হক জানান, সকালে অবরোধকারীরা সাতক্ষীরা-খানপুর সড়ক কেটে ফেলছে- এমন খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী। সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে ইট, হাতবোমা ও পেট্রোল বোমা ছুড়তে থাকে।
এ সময় ইটের আঘাতে আহত হন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে জামায়াতকর্মী লাবলু আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাবলুর পায়ে গুলি লেগেছে।
অবশ্য সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমানের দাবি, পুলিশের গুলিতে লাবলুসহ তাদের চার কর্মী আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আটক পাঁচজন হলেন- আলমগীর হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৫), শাহীন সরদার (২৫), আবুল হোসেন (২৬) ও শওকাত আলী। সবার বাড়ি রইছপুর এলাকায়।
ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
অবরোধ ও হরতালে সাতক্ষীরাজুড়ে ব্যাপক সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় করা বিভিন্ন মামলার আসামি ধরতে গত ১৬ ডিসেম্বর রাত থেকে এই অভিযান শুরু করে পুলিশ, র্যাব ও বিজিবি।
গত ২৬ নভেম্বর থেকে বিএনপি-জামায়াত জোটের তিন দফা অবরোধে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে উপজেলাগুলোর সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জামায়াত-শিবির। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়।
সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবির।
