সাতক্ষীরা অভিযান, পিতাপুত্রসহ আটক ৩
সাতক্ষীরার কালিগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতভর এ অভিযান চলে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন উপজেলার ফরিদপুর গ্রামের জামায়াত সদস্য ও কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক আজিজুর রহমান (৬৩), তার ছেলে সাব্বির আহমেদ (২৮) ও শ্রীরামপুর গ্রামের পাচ্চাদি মোড়লের ছেলে বাবর আলী মোড়ল (৫৫)।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) বিল্পব শাহা জানান, মঙ্গলবার আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন নিহতের ঘটনায় তার স্ত্রী আফরোজা সুলতানা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
আটকরা এই মামলার এজাহারভুক্ত আসামি।
জেলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছোট খাটো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
