২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৩

নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

গ্রেপ্তারকৃতরা হলেন টুপামারী ইউনিয়নের শাহপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে জামায়াতকর্মী আব্দুল লতিফ শাহকে (৩০), পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুর রাজ্জাক (১৮) এবং একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রশিদ (২৫)।

বুধবার পুলিশ কর্মকর্তা বাবুল আকতার জানান, জেলা শহরের সার্কিট হাউজ এলাকা থেকে গত রাতে জামায়াতকর্মী আব্দুল লতিফ শাহকে, বুধবার দুপুরে সদরের টুপামারী ইউনিয়নের টুপামারী বাজার এলাকা থেকে শিবিরকর্মী আব্দুর রাজ্জাক (১৮) এবং আব্দুর রশিদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

এনিয়ে এ ঘটনায় ১১জন গ্রেপ্তার হলেন। তবে এজাহারে এদের নাম নেই।

গত শনিবার রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপি-জামায়াত সাংসদ আসাদুজ্জামান নূরের বহরে হামলা চালায়।

এতে নিহত হন এক পথচারী ও সাংসদ নূরের চার সমর্থক।

ওই রাতেই ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেন পরিদর্শক বাবুল আক্তার।

হামলার প্রতিবাদে মানববন্ধন

এ হামলার প্রতিবাদে বুধবার দুপুরে জেলায় মানববন্ধন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে নীলকণ্ঠ আবৃত্তি পরিষদ, আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদ, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদসহ কয়েকটি সংগঠন অংশ নেয়।

এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি শ্রীদাম দাস, মুক্তিযোদ্ধা একে আমিনুল হক, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল বারী, রবীন্দ্র সম্মিলন পরিষদ পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শামিমা রহমান, গোধূলী সাংস্কৃতিক একাডেমির সভাপতি আরিফা সুলতানা লাভলী, আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলসহ অন্যরা।