মজুরি মিটিয়ে কারখানা বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জে শ্রমিকদের মজুরি পরিশোধ করে অনির্দিষ্টকালের জন্য দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাইলট স্কুল ভবনে বিকেএমইএ, গার্মেন্টস মালিক, শ্রমিক নেতা, শিল্প পুলিশের উপস্থিতিতে দুই হাজার ৮৭০ জন শ্রমিকের পাওনা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করা হয় বলে জানায় বিকেএমইএ-র কর্মকর্তা।
এরপর শ্রমিক অসন্তোষের কারণে কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি নিটওয়্যার লিমিটেড ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বিকেএমইএ পরিচালক জিএম ফারুক জানান, অব্যাহত শ্রমিক অসন্তোষ, ভাংচুর ও লোকসানের কারণে মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
গত মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে ফতুল্লা শিল্পাঞ্চলের মেট্রো গ্রুপের মেট্রো নিটিং ও বীকন নিটিওয়্যারও একইভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া, টানা শ্রমিক অসন্তোষ ও ভাংচুরের কারণে গত ১১ নভেম্বর ফতুল্লা শিল্পাঞ্চলের সাতটি কারখানা অনির্দিষ্টাকালের জন্য বন্ধ করা হয়।
