জয়পুরহাটে সংঘর্ষে আহত নারীর মৃত্যু
জয়পুরহাটে জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে আহত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জন হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, বুধবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান আসমা বেগম (৪৩)।
তিনি সদর উপজেলার দস্তপুর গ্রামের বাসিন্দা আবু সালেকের স্ত্রী।
অসুস্থ স্বামীর জন্য ওষুধ ও সংসারের কেনাকাটা শেষে রোববার ভ্যানে করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন তিনি।
গত রোববার জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় এ সংঘর্ষে এর আগে চার জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- জামায়াতে ইসলামী কর্মী আব্দুর রহমান, শামীম হোসেন (২৫) ও ইনসান আলী (৩০) এবং ভ্যানচালক ফিরোজ (৩০)।
স্থানীয়রা জানান, আসমার স্বামী সালেক দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই সংসার দেখাশোনা করতেন এই গৃহবধূ। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালেক বলেন, রোববার আসমা ওষুধ ও সংসারের কেনাকাটা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিল। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে যায় তাদের ভ্যানটি। এ সময় গুলিবিদ্ধ হয়ে ভ্যানচালক ফিরোজ মারা যান।
রোববার বিকালে জামায়াত-শিবির কর্মীরা পুরানাপৈল বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পাঁচটি পেট্রোল বোমা ছোড়ে এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে নাশকতা চালায়।
তাদের বাধা দিতে পুলিশের দিকে তীর ও হাতবোমা ছোড়ে জামায়াত কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর জয়পুরহাট শহরে রোববার বিকাল ৫টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
