নির্বাচন নিয়ে সরকারের ব্যাখ্যার অপেক্ষায় যুক্তরাষ্ট্র
বিরোধী দলবিহীন নির্বাচনের বিষয়ে সরকারের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র, যা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানিয়েছেন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তখন তিনি নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন।
মজীনা সাংবাদিকদের এড়িয়ে গেলেও মুহিত বলেন, “আমি রাষ্ট্রদুতকে আশ্বস্ত করে বলেছি, বাংলাদেশে যা কিছু ঘটছে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
“আমি তাকে আরো বলেছি, জামায়াত-শিবির বাংলাদেশে যে কর্মকাণ্ড করছে, সে জন্য দলটিকে ‘টেরোরিস্ট পার্টি’ হিসেবে ‘ডিক্লেয়ার’ করা উচিত।”
নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত কী বলেছেন- জানতে চাইলে মুহিত বলেন, “তিনি বলেছেন যে, এরকম যে হল অর্ধেক আসনে কোনো নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন মানেই তো হলো মানুষের ভোট দেয়া।
“তারা (যুক্তরাষ্ট্র) এখন নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে একটি ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে।”
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন চাইলেও দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় অর্ধেকের বেশি আসনে ভোটের প্রয়োজন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে।
হরতাল-অবরোধের কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেন মুহিত।
বৈঠকে ড্যান মজীনা গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের বিষয় তুলেছিলেন বলে জানান অর্থমন্ত্রী।
“তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের পর্ষদের ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণ কী? আমি তাকে বলেছি, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ বন্ধ করে রেখেছেন। ধ্বংসাত্মক কার্যকলাপ করেছেন। অথচ তিনি একজন সম্মানীয় মানুষ।”
পোশাক খাত বিষয়ে মুহিত আরো বলেন, “বিশ্বের বিভিন্ন পোশাক আমদানিকারকদের সঙ্গে আমাদের কিছু কারখানার চুক্তি রয়েছে। কারখানাগুলো এখন অসুবিধায় রয়েছে। বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের কোনো নীতিমালা নেই। একটি নীতিমালা তৈরি দরকার।”
আগামী কয়েকদিনের মধ্যে হংকংয়ে এ বিষয়ে বিশ্বের শীর্ষ পোশাক আমদানিকারকদের সঙ্গে একটি বৈঠক হবে বলে জানান মুহিত।
আবার মন্ত্রিত্ব নেয়ার ইঙ্গিত
‘আগামীতে এমপি হলেও অর্থমন্ত্রী হব না’- এ ঘোষণা থেকে সরে আসার ইঙ্গত মিলেছে মুহিতের কথায়।
বর্তমান পরিস্থিতিতে ৫ জানুয়ারির পর আওয়ামী লীগ সরকার গঠন করলে আবার অর্থমন্ত্রী হবেন কি না- প্রশ্ন করা হলে এবার ‘না’ বলেননি তিনি।
“এটা আমি ঠিক জানি না। প্রধানমন্ত্রী জানেন। গতবারও যখন আমি অর্থমন্ত্রী হই, আগে জানতাম না। এটা একেবারেই প্রধানমন্ত্রীর ব্যাপার।”
এর আগে বিভিন্ন সময়ে মুহিত বলেছেন, দশম সংসদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন ঠিকই, কিন্তু মন্ত্রী হবেন না।
