যার যা বলার বলতে পারেন: সিইসি
নির্বাচনের সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় শেরে বাংলানগরে কার্যালয় থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন তিনি।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে বলেন, ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের গুম-হত্যার দায় ইসিকে নিতে হবে।
সিইসি সাংবাদিকদের বলেন, “যা যা বলার বলতে পারেন। উনাদের জিজ্ঞেস করতে পারেন, তারা বলতে পারেন। নির্বাচনের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন, তফসিল ঘোষণার আগেও ঘটেছে।”
বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যবস্থা নেবে, বলেন তিনি।
“এটা আইন শৃঙ্খলার ব্যাপার। আইন শৃঙ্খলা রক্ষা যাদের দায়িত্ব তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা এটাকে ব্যবস্থা নেবেন, তারাই জবাব দেবেন।”
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পরও কোনো রিটার্নিং কর্মকর্তা ‘অনিয়ম’ করলে তা নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন সিইসি।
এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “নির্ধারিত সময়ের পর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। কোনো রিটার্নিং কর্মকর্তা এমন অনিয়ম করেননি। আইন মোতাবেক কাজ করেছেন তারা। কেউ সংক্ষুব্ধ হলে আদালতে গেলে প্রমাণ সাপেক্ষে এর ব্যবস্থা হবে।”
ইডব্লিউজি’র প্রস্তাবে ইসির ‘না’
দশম সংসদ নির্বাচনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের প্রতিটি ভোটকেন্দ্র ও কক্ষে সার্বক্ষণিক পর্যবেক্ষক রাখার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসি।
সকালে ২৯টি বেসরকারি সংস্থার সংগঠন ইডব্লিউজি’র একটি প্রতিনিধি দল এসে সিইসিকে এ বিষয়ে প্রস্তাব দেন। এসময় বিদ্যমান সহিংসতায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
সিইসি সাংবাদিকদের বলেন, “এবার পর্যবেক্ষকরা থাকবে ভ্রাম্যমাণ। কোনোভাবেই স্থায়ীভাবে কেন্দ্রে থাকার সুযোগ নেই।
“অন্যদেরও পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে। ইডব্লিউজিকে সার্বক্ষণিক কেন্দ্রে বসে থাকতে দিতে পারি না। পর্যায়ক্রমে সবাইকে কেন্দ্র, কক্ষ ও ভোট গণনার সময় পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে।”
সিইসি জানান, পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে পর্যবেক্ষণে যাবে না- এমন কোনো বিষয় ইসিকে বলা হয় নি।
আইন শৃঙ্খলা বৈঠক শুক্রবার
নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার ও আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এনইসি মিলনায়তনে হওয়ার কথা ছিল। মঙ্গলবার ইসির বৈঠকে নতুন সময়সূচি নির্ধারিত হয়।
সিইসি, ইসি, সচিবসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টা বিরোধী জোটের অবরোধ কর্মসূচির মুখে ইসির এ বৈঠকের সময়সূচিতে পরিবর্তন এলো।
তবে কী কারণে বৈঠকের সময়সূচি পেছানো হল, ইসি সচিবালয় থেকে তা বলছেন না কেউই।
