‘রাজনৈতিক অস্থিরতা না কমলে সরবরাহ বন্ধ’
চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান না হলে সারা দেশে পণ্য সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন নওগাঁর চালকল মালিকরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের তাজের মোড় থেকে বাটার মোড় পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের ব্যানারে মানববন্ধন থেকে সরকারকে ১০ দিন সময় বেঁধে দিয়ে বলা হয়, এর মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা না কমলে এবং লাগাতার হরতাল ও অবরোধের কারণে চালসহ সব ধরনের পণ্য পরিবহন স্বাভাবিক না হলে নওগাঁ থেকে দেশের কোথাও ধান, চালসহ কোনো পণ্য পাঠানো হবে না।
এ সময় চালকলগুলোকে শিল্পের স্বীকৃতি, হরতাল অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত কলসমুহের ব্যাংক ঋণ মওকুফ, দেশব্যাপী ধান-চাল সরবরাহ হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চালকলের ব্যাংক ঋণের সুদের হার কমানো ও আয়করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে নওগাঁর জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর দাবি আদায়ের লক্ষ্যে একটি স্মারকলিপি দেয়া হয়েছে।
