২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে তাণ্ডব: মিলেছে ৩ জনের ‘পরিচয়’

জনসাধারণের দেয়া তথ্য থেকে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে জামায়াতের তাণ্ডবে জড়িত তিন জনের ‘পরিচয়’ পেয়েছে পুলিশ, যাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, এই হামলার সঙ্গে জড়িতদের বেশিরবাগের ছবি পুলিশ সংগ্রহ করতে পেরেছে। জনসাধারণের দেয়া তথ্যে এদের মধ্যে তিন জনের নাম-পরিচয় মিলেছে।

গত শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল, ফকিরাপুল, এজিবি কলোনি এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ১০ থেকে ১৫ মিনিটের তাণ্ডবে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়।

ঘটনার দুইদিন পর শনিবার ওই তাণ্ডবে জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। বিভিন্ন জাতীয় দৈনিকে ছবিসহ বিজ্ঞাপনও দেয়া হয়।

মাসুদুর রহমান জানান, যাচাইয়ের পর তথ্য সঠিক প্রমাণিত হলে তথ্য দাতাদের প্রতিশ্রুত পুরস্কারও দেয়া হবে।

তথ্য দিয়ে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগরে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “যদি প্রয়োজন হয় এবং অভিযান চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে অভিযান চালানো হবে।”

যাদের ছবি পাওয়া গেছে তাদের কয়েকজনকে নিয়ে পোস্টার ছাপা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার বলেন, সহায়তাকারীকে মহানগর গোয়েন্দা কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে (৯৩৬২৬৪০, ০১১৯১০০১১০০, ০১৬৭৮০২৪৬৫২) জানাতে বলা হয়েছে।

এছাড়া dmpmedia@dmp.gov.bd এবং www.facebook.com/dmp.dhaka- এই ঠিকানায়ও তথ্য দেয়া যাবে।

পুরনো খবর:

ধরিয়ে দিলে লাখ টাকা