২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোকোমোটিভ কারখানায় কর্মবিরতি

চুরি-দুর্নীতির প্রতিবাদে চট্টগ্রামে লোকোমোটিভ কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে রেল শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১০, ১৪ ও ১৬ ডিসেম্বর রাতে তিন দফায় কারখানায় তিনটি লোকোমোটিভের (ইঞ্জিন) যন্ত্রাংশ চুরি হয়েছে।

জড়িতদের বিচার দাবি করে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ করেছে রেল শ্রমিকদের বিভিন্ন সংগঠন।

নাম প্রকাশ না করে কারখানার এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ ডিসেম্বর রাত থেকে ১০ ডিসেম্বর ভোরের মধ্যে ২০২৫ নম্বর লোকোমোটিভের হাই ভোল্টেজ জেনেরেটরের ৮৫ ফুট কেবল চুরি হয়েছে।

গত ১৪ ডিসেম্বর ২৭১২ নম্বর লোকোমোটিভের ১২টি ও ১৬ ডিসেম্বর রাতে ২৬১৫ নম্বরের ১১টি রিভার্সার বার্বার চুরি হয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকরা কাজ শেষ করে কর্তৃপক্ষকে সবকিছু বুঝিয়ে দেয়ার পর সিলগালা করা হয় লোকোমোটিভে। এছাড়া এগুলো নিরাপত্তা হেফাজতেও রাখা হয়। 

তারপরও উদ্বেগজনক ভাবে চুরি বেড়ে গেছে বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শ্রমিক জানান,  মঙ্গলবার সকালে পার্বতীপুর যাওয়ার জন্য ২৬১৫  লোকোমোটিভটি সোমবার রাতে চার্জ দেয়ার জন্য শেডে রাখা ছিল। সকালে শ্রমিকরা লোকোমোটিভটি বুঝে নেয়ার জন্য গেলে সেখানে জানালার কাঁচ ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।

পরে লোকোমোটিভের ১১টি রিভার্সার বার্বারের হদিস পাওয়া যায়নি।

এদিকে সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেয় রেলওয়ে শ্রমিক লীগ, রেল শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে কারিগরি পরিষদ, রেলওয়ে অ্যামপ্লয়িজ লীগসহ বিভিন্ন সংগঠন।

সমাবেশে বক্তব্য রাখেন রেল শ্রমিক ইউনিয়নরে মো. হারুনর রশিদ, কারিগরী পরিষদের গোলাম মোস্তফা, রেল শ্রমিক লীগের আমিনুল হক ভূঁইয়া, মুজিবল হক মজুমদার প্রমুখ।  

তবে শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি অস্বীকার করেন পূর্ব রেলের ওয়ার্ক ম্যানেজার (ডব্লিউ এম, ডিজেল) বোরহান উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, পার্বতীপুর যাওয়ার জন্য একটি লোকোমোটিভ চার্জ দেয়ার জন্য রাখা হলে সেটার জানালার কাঁচ ভাঙ্গা পাওয়া যায়।

তবে কিছু চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বোরহান উদ্দিন বলেন, “আগের চুরির ঘটনার তদন্ত হচ্ছে।”