২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বেসরকারি হাসপাতালে ধর্মঘট

রোগীর মৃত্যু নিয়ে হাসপাতালে হামলার প্রতিবাদে চাঁদপুরের সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একদিনের সেবা থেকে বিরত থেকেছেন চিকিৎসক-কর্মচারীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটে যায় ‘বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের’ জেলা শাখা।

অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর মৃত্যু হলেই তার স্বজনরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাংচুর করে। এতে করে হাসপাতাল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রোগীর মৃত্যুর জন্য চিকিৎসক বা হাসপাতালকে দায়ী করে সম্প্রতি জেলায় কয়েকটি হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনায় এই ধর্মঘট আহ্বান করা হয়।

তবে, চাঁদপুর সদর হাসপাতাল ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে সংগঠনটির এক বিজ্ঞিপ্তিতে জানানো হয়।

বর্তমানে সরকারি হাসপাতালের পাশাপাশি শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে চাঁদপুরে।

গত শুক্রবার চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক কিশোরীর মৃত্যুর অভিযোগে তার স্বজনরা হাসপাতালে হামলা ও ভাংচুর চালায়।