আসাদুজ্জামান নূরের উপর হামলা: খুলনায় মানববন্ধন
আওয়ামী লীগ সাংসদ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে খুলনায়।
মঙ্গলবার নগরীর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ খুলনা শাখা।
মানববন্ধন চলাকালে সমাবেশে স্মৃতি রেখা বিশ্বাস, সুবর্ণা আফরিন ও উম্মে কুলসুম পলি বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, আসাদুজ্জামান নূর একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অথচ তার গাড়িবহরেও হামলা চালানো হয়েছে।
তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানবন্ধনে কিংবদন্তি আবৃত্তি পরিষদ, আবৃত্তি সাংস্কৃতিক একাডেমি, উদীচী, নাট্য নিকেতন, দ্রাবিড়, মঞ্চ সৈনিক, মুক্তধারা আবৃত্তি চর্চা বিকাশ কেন্দ্রের সদস্যরা অংশগ্রহণ করেন।
