কোম্পানীগঞ্জে ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ
চলমান সহিংসতার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিসংযোগ এবং বেগমগঞ্জে এক আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ও সন্ধ্যায় এ দুটি ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরনবী চৌধুরী জানান, রাত ১টার দিকে দুর্বৃত্তরা পরিষদ ভবনে আগুন দেয়। খবর পেয়ে উপজেলা সদর থেকে দমকল বাহিনী এসে আগুন নেভানোর আগেই পরিষদের সচিবের কক্ষের আলমারি ও চেয়ার টেবিলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
আগুনে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশকিছু আসবাব ও নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া খোয়া গেছে কার্যালয়ের তিনটি কম্পিউটার ও একটি ফটোস্ট্যাট মেশিন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, এ ব্যপারে মামলা দায়ের এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেগমগঞ্জের হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান রানা জানান, রোববার সন্ধ্যায় ফুলতলি এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বিজয় দিবসের অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালিয়ে টেলিভিশন, মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাংচুর করে।
এ সময় কার্যালয়ে থাকা পাঁচ কর্মীকে তারা পিটিয়ে আহত করে।
এদিকে এ হামলার প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াতের সংঘর্ষে কয়েকজনের প্রাণহানি হয়েছে। পুলিশ পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও জামায়াত-শিবিরের দাবি, সাতজন নিহত হয়েছে।
