চবিতে হামলায় বিএনপিপন্থী শিক্ষকদের কর্মসূচি পণ্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হামলায় বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মাবনবন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নিয়ে তাতে আগুন দেয় ছাত্রলীগকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে ছাত্রদল নেতাকর্মীরা।
গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জিয়া স্মৃতি সংসদ ও জিয়া স্মৃতি পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
জিয়া স্মৃতি পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে শহীদ মিনারে ফুল দেয়ার পর আমরা বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করছিলাম।এসময় ছাত্রলীগের ২০-৩০ জন কর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা ব্যানার কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।”
হামলায় আহত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস এম আলাউদ্দিন এবং ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর খান তৌহিদ ওসমান বলেন, বিএনপিপন্থী শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই মানববন্ধন করছিলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়।
এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই মানববন্ধন করলে ছাত্রলীগ তা প্রতিহত করে।”
