২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক

জাতীয়ভাবে বিজয় উদযাপনের সূচনা করে জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার ‘বিজয় ২০১৩’ উদ্বোধনী অনুষ্ঠানে এই মুক্তিযোদ্ধা বলেন, গত তিন মাসে  সারা দেশে  রাজনীতির নামে জামায়াত-শিবির ও তাদের দোসরদের হিংস্র, ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে  শিশু ও নারীসহ শত শত সাধরণ মানুষ নির্মমভাবে নিহত হয়েছেন।

“জামাত-শিবির ও মৌলবাদীদের রাষ্ট্র ও সমাজবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে গত কয়েক মাসে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। দেশের অর্থনীতি পুঙ্গত্বের দিকে ধাবিত হচ্ছে। দেশের উৎপাদনশীলতাকে নষ্ট করে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে, এ যেন ১৯৭১ এর নতুন সংস্করণ।”

মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডার বলেন, “সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আর অপেক্ষা নয়। তাদের প্রতিহত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উজ্জীবিত হয়ে তাদের আক্রমণের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। গ্রাম-গঞ্জ, মহল্লা-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে তাদের প্রতিহত করতে হবে।

“এখন আমাদের সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম। আজকের নতুন প্রজন্মের প্রতীকী নাম গণজাগরণ মঞ্চ। নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণজাগরণ সৃষ্টি করেছে। তাই আমাদের পিছু ফেরার আর কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের উজ্জীবনী শক্তি ধারায় আমাদের আগামীর ভবিষ্যত রচনা করতে হবে।”

একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষা তুলে ধরে একে খন্দকার বলেন, “যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। আজ স্বাধীনতার ৪২ বছর পর দেখতে পাই সেই সাম্প্রদায়িক শক্তির মহা উত্থান। এখনই সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধ করতে হবে। যুদ্ধারাধীদের বিচার শুরু হয়েছে। একজনের রায় কার্যকর হয়েছে।

“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এ সংগ্রাম, এ আন্দোলন চলতেই থাকবে।”

তিনি বলেন, “পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ক্ষণে বিকালে জাতীয়ভাবে আমাদের প্রাণের জাতীয় সংগীতকে কোটি কণ্ঠে পরিবেশনাই আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। তাই আজ বিকাল ৪টা ৩১ মিনিটে দল-মত-ধর্ম নির্বিশেষে যে যেখানে থাকবেন, সেখানেই গেয়ে উঠবেন আমদের প্রাণের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা উদ্যান নামে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ‘বিজয় ২০১৩’।

জাতীয় সংগীতের পর একাত্তরের সব  শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, পরবর্তীতে সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিটের জন্য নিরবতা পালন করা হয়।

এরপর এ কে খন্দকার ছাড়াও বিজয় উদযাপন কমিটির আহবায়ক আবুল বারাকাত ও মুহম্মদ জাফর ইকবাল বক্তব্য দেন।  দেশ বরেণ্য সংগঠন ও শিল্পীদের পরিবেশনা শুরু হয় বক্তব্য পর্বের পর, যা চলবে আড়াইটা পর্যন্ত।

এরপর শুরু হবে ‘কনসার্ট ফর ফ্রিডম’, যাকে আয়োজকরা কনসার্ট ফর বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন। পৌনে ৪টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা হবে সেক্টর কমান্ডার্স ফোরামের।

এরপর দ্বিতীয় পর্বে বক্তব্য রাখবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

বিকাল সোয়া ৪টায় অভিনীত হবে ১৯৭১-এর পাক হানাদার বাহিনীর আত্বসমর্পণের ঐতিহাসিক ঘটনা।

বিকাল ৪ টা ৩১ মিনিটে দেশ ও বিশ্বব্যাপী লক্ষাধিক কণ্ঠে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের কর্মসূচি রয়েছে। এরপর শপথ পড়াবেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। পরে একে একে অনুষ্ঠিত হবে পতাকা হস্তান্তর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা।

বিকাল ৫টা ২০ মিনিটে থাকবে আতশবাজী উৎসব। বিকাল ৫টা ৩০ মিনিট থেকে আবারো শুরু হয়ে  রাত ১০ টা পর্যন্ত চলবে কনসার্ট ফর ফ্রিডম।

বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি, গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি এবং বিজয় ৪:৩১ মঞ্চ সম্মিলিতভাবে জাতীয়ভাবে ‘বিজয় ২০১৩’ উদযাপনের এই আয়োজন করেছে।

গত ৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও পার্শ্ববর্তী মানিক মিয়া এভিনিউতে ‘বিজয় ২০১৩’ করার ঘোষণা দেয়া হলেও পরে তা সোহরাওয়ার্দি উদ্যানে নিয়ে আসা হয়।