২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, রোববার রাত ১২টার দিকে জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান বাবুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ‘বাবুল বাহিনী’ নামে পরিচিত সন্ত্রাসী দলের প্রধান বলে ওসি জানান।

জেলা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান জানান, বাবুল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

ওসি জানান, বাবুলকে গ্রেপ্তারের জন্য র‌্যাব রাতে উপজেলার রতনেরখিল গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাবুল ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এরপর র‌্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে বাবুল নিহত হন।

এ সময় বাবুলের সঙ্গী সুমনও গুলিতে নিহত হয়েছে বলে স্থানীয়ভাবে শোনা গেলেও র‌্যাব বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বাবুলের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, বাবুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ, সন্ত্রাসী, লুটপাট, চাঁদাবাজি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

‘বাবুল বাহিনীর’ তৎপরতায় গত কয়েক মাসে ওই এলাকায় এক ডজনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।