লাল-সবুজেই ‘নতুন বিজয়’ ওড়ে
এ ফুলে স্মরণ লাখো শহীদের ঋণ, লাল-সবুজেই নতুন বিজয় ওড়ে।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪২ বছরে এসে নতুন এক বিজয়ের মুহূর্তে শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ।
এমন এক সময়ে এবার বিজয় দিবস উদযাপিত হচ্ছে, যখন স্বাধীনতাবিরোধীদের যুদ্ধাপরাধের বিচার ও তার রায়ের বাস্তবায়ন শুরু হয়েছে, কার্যকর হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে প্রথম ব্যক্তির প্রাণদণ্ড।
ভোরে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সেই মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার সূর্য।
তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
জাতির যে বীর সন্তানদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশের জন্ম, কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে একাত্তরের সেই শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
ডেপুটি স্পিকার শওকত আলী, ১৪ দল, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সবার জন্য; পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে।
সকাল ৮টার পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে থাকে একে একে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।
১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনা বাহিনী গণহত্যা চালানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর রমনার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও যুদ্ধে সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।
আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।
পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার দিনটি প্রতি বছর উদযাপিত হলেও তা মলিন করত একাত্তরের হানাদার বাহিনীর দোসরদের আস্ফালন। পাকিস্তানি বাহিনীর দোসরদের সঙ্গে নিয়ে গণহত্যায় যারা জড়িত ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তারা চলে যায় ধরা-ছোঁয়ার বাইরে।
বহু প্রতীক্ষা শেষে চার দশক পর শুরু হওয়া যুদ্ধাপরাধের বিচারের রায় আসার পর গত ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে।
এই বিচার দাবির আন্দোলনের নেতা মুশতারী শফীর ভাষায়- “এটা নতুন বিজয়।৪২ বছর পর নতুন বিজয় পেলাম।’
স্বাধীন বাংলার লাল-সবুজে এবারের বিজয় দিবস এসেছে নতুন সেই বিজয়ের বার্তা নিয়ে; সঙ্গে সব যুদ্ধাপরাধীর বিচার ও তার রায় বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা।
