আসাদুজ্জামান নূরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
নীলফামারীতে সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, এই হামলা শুধু আসাদুজ্জামান নূরের ওপর নয়, সকল প্রগতিশীল সংস্কৃতিকর্মীর ওপর।
হামলাকারী জামায়াত শিবির চক্রকে প্রতিরোধ করতে হবে উল্লেখ করে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিও করা হয়।
পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফী, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, আহমেদ ইকবাল হায়দার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কুন্তল বড়–য়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রাম কমিটির আহবায়ক অঞ্চল চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ হাসান, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি হাসান ফেরদৌস, গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাছুম আহমেদ, আবৃত্তিকার ফারুক তাহের, দেবাশীষ রুদ্র প্রমুখ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, নির্মান আবৃত্তি অঙ্গন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, নরেন আবৃত্তি একাডেমী, ঐকতান পরিবার, সুচয়ন ললিতকলা কেন্দ্র, বর্ণ আবৃত্তি পাঠশালা, শৈশব, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে ডিসিহিল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শনিবার নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। হামলায় চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ নিহত হয় পাঁচজন।
